1সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের একটি গীত। হে সদাপ্রভু, তুমি তোমার দেশের প্রতি অনুগ্রহ দেখিয়েছ; তুমি যাকোবের বংশের সমৃদ্ধি ফিরিয়ে এনেছ।
2তুমি তোমার প্রজাদের অপরাধ ক্ষমা করেছ এবং তাদের সব পাপ আবৃত করেছ।
3তুমি তোমার সব ক্রোধ দূরে সরিয়ে রেখেছ এবং তোমার প্রচণ্ড রাগ থেকে ফিরেছ।
4হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের পুনরুদ্ধার করো এবং আমাদের প্রতি তোমার অসন্তোষ দূরে সরিয়ে রাখো।
5তুমি কি চিরদিন আমাদের প্রতি ক্রুদ্ধ থাকবে? তুমি কি যুগে যুগে তোমার রাগ স্থায়ী করবে?
6তুমি কি আবার আমাদের সঞ্জীবিত করবে না, যেন তোমার প্রজারা তোমাতে আনন্দে উল্লসিত হয়?
7হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের দেখাও, এবং তোমার পরিত্রাণ আমাদের প্রদান করো।
8ঈশ্বর সদাপ্রভু যা বলেন আমি তা শুনব; তিনি তাঁর প্রজাদের, তাঁর বিশ্বস্ত দাসদের, শান্তির অঙ্গীকার করেন; কিন্তু তারা তাদের মূর্খতার পথে ফিরে না যাক।
9নিশ্চয়, যারা তাঁকে সম্ভ্রম করে তাঁর পরিত্রাণ তাদের নিকটবর্তী, যেন তাঁর মহিমা আমাদের দেশে বাস করে।
10প্রেম ও বিশ্বস্ততা একত্রে মিলিত হয়, ধার্মিকতা ও শান্তি পরস্পরকে চুম্বন করে।
11বিশ্বস্ততা পৃথিবী থেকে উত্থাপিত হয় এবং ধার্মিকতা স্বর্গ থেকে দৃষ্টিপাত করে।
12সদাপ্রভু যা উত্তম তা অবশ্যই দান করবেন, এবং আমাদের দেশ শস্য উৎপাদন করবে।
13ন্যায়পরায়ণতা তাঁর অগ্রগামী হয় এবং তাঁর চলার পথ প্রস্তুত করে।