1সংগীত পরিচালকের জন্য। একটি সংগীত। একটি গীত। সমস্ত পৃথিবী, ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি করো!
2তাঁর নামের গৌরব কীর্তন করো; তাঁর প্রশংসা গৌরবান্বিত করো।
3ঈশ্বরকে বলো, “কী অসাধারণ তোমার কার্যসকল! এমন তোমার পরাক্রম যে তোমার শত্রুরা তোমার সামনে কুঁকড়ে যায়।
4সমস্ত পৃথিবী তোমার সামনে অবনত হয়; তারা তোমার প্রশংসাগান গায়, তারা তোমার নামের প্রশংসাগান গায়।”
5এসো আর দেখো ঈশ্বর কী করেছেন, মানুষের জন্য তাঁর অসাধারণ কীর্তি!
6তিনি সমুদ্র শুষ্ক জমিতে পরিণত করেন, তারা পায়ে হেঁটে জলের মধ্যে দিয়ে গিয়েছিল— এসো, আমরা ঈশ্বরে আনন্দ করি।
7তিনি তাঁর পরাক্রমে চিরকাল শাসন করেন, তাঁর চোখ জাতিদের লক্ষ্য করে; বিদ্রোহীরা যেন তাঁর বিরুদ্ধে মাথা তুলে না দাঁড়ায়।
8সমস্ত লোক, তোমরা আমাদের ঈশ্বরের প্রশংসা করো, তাঁর প্রশংসার ধ্বনি শোনা যাক;
9তিনি আমাদের জীবন সুরক্ষিত করেছেন আর আমাদের পা পিছলে যাওয়া থেকে আমাদের আগলে রেখেছেন।
10কারণ তুমি ঈশ্বর, আমাদের পরীক্ষা করেছ; তুমি আমাদের রুপোর মতো পরীক্ষাসিদ্ধ করেছ।
11তুমি আমাদের কারাগারে বন্দি করেছ আর আমাদের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছ।
12লোকজন দ্বারা আমাদের মাথা তুমি পিষে ফেলতে দিয়েছ; আমরা আগুন ও জলের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু তুমি আমাদের প্রাচুর্যের স্থানে নিয়ে এসেছ।
13হোমবলি নিয়ে আমি তোমার মন্দিরে প্রবেশ করব আর আমার শপথ পূর্ণ করব—
14আমার বিপদের সময় যে শপথ আমার ঠোঁট অঙ্গীকার করেছিল আর আমার মুখ উচ্চারণ করেছিল।
15আমি তোমার উদ্দেশে হৃষ্টপুষ্ট পশুবলি দেব, আর মদ্দা মেষ উপহার দেব; আমি বলদ ও ছাগল উৎসর্গ করব।
16তোমরা যারা ঈশ্বরকে ভয় করো, এসো আর শোনো; তিনি আমার জন্য কী করেছেন তা আমি তোমাদের বলছি।
17আমি তাঁর প্রতি কেঁদেছিলাম আর মুখ দিয়ে প্রার্থনা করেছিলাম; তাঁর প্রশংসা আমার জিভে ছিল।
18যদি আমি আমার হৃদয়ে পাপ পুষে রাখতাম, সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করতেন না;
19কিন্তু ঈশ্বর নিশ্চয় শুনেছেন আর আমার প্রার্থনায় কর্ণপাত করেছেন।
20ঈশ্বরের প্রশংসা হোক, যিনি আমার প্রার্থনা অস্বীকার করেননি এবং তাঁর অবিচল প্রেম থেকে আমাকে বঞ্চিত করেননি।