1সদাপ্রভুর প্রশংসা করো। আকাশমণ্ডল থেকে সদাপ্রভুর প্রশংসা করো; ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
2হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা করো; হে তাঁর সমস্ত স্বর্গীয় বাহিনী, তাঁর প্রশংসা করো।
3হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশংসা করো; হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা করো।
4হে ঊর্ধ্বতম স্বর্গলোক, তাঁর প্রশংসা করো হে আকাশের ঊর্ধ্বস্থিত জলরাশি, তোমরাও করো।
5সব সৃষ্টবস্তু সদাপ্রভুর নামের প্রশংসা করুক, কারণ তিনি আদেশ করেছিলেন, আর সেসব সৃষ্টি হয়েছিল,
6এবং তিনি তাদের চিরকালের জন্য স্থাপন করেছেন, তিনি এক বিধি দিয়েছেন, যা কখনও লুপ্ত হবে না।
7পৃথিবী থেকে সদাপ্রভুর প্রশংসা হোক, হে বিশাল সব সামুদ্রিক জীব এবং অতল মহাসাগর,
8বিদ্যুৎ ও শিলাবৃষ্টি, তুষার ও মেঘরাশি, বায়ু ও আবহাওয়া, যারা তাঁকে মান্য করে,
9পর্বত ও সব পাহাড়, ফলের গাছ আর সব দেবদারু গাছ,
10বন্যপশু আর গবাদি পশু, ক্ষুদ্র প্রাণী এবং উড়ন্ত পাখি,
11পৃথিবীর রাজারা আর সব জাতি, অধিপতিরা আর পৃথিবীর সব শাসক,
12যুবকেরা আর যুবতীরা, প্রবীণ লোকেরা আর সব ছেলেমেয়ে।
13তারা সবাই সদাপ্রভুর নামের প্রশংসা করুক, কারণ শুধু তাঁরই নাম মহিমান্বিত; তাঁর প্রতিপত্তি পৃথিবী ও আকাশমণ্ডলের ঊর্ধ্বে।
14তিনি তাঁর প্রজাদের শক্তিশালী করেছেন, তাঁর বিশ্বস্ত লোকেদের সম্মান প্রদান করেছেন, ইস্রায়েলকে করেছেন, যারা তাঁর হৃদয়ের খুব কাছের। সদাপ্রভুর প্রশংসা করো।